মালদা-
জলে ভাসছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। একতলা জুড়ে জল। বিঘ্নিত চিকিৎসা পরিষেবা। মেল মেডিকেল ১, ২, জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার জলের তলায়।
রোগীর আত্মীয় স্বজনদেরকে জল মারিয়ে ওয়ার্ডে যেতে হচ্ছে। নর্দমার যাবতীয় আবর্জনা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। প্রতিপদে ভয় পোকামাকড়েও। আতঙ্কে রয়েছেন রোগী থেকে পরিজনেরা।
কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। রবিবার রাতের মুষলধারে বৃষ্টি শুরু হলে জলে ভেসে যায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে রোগীর চাপ অত্যধিক।
রোগীর সংখ্যা পর্যাপ্ত থাকায় রোগীশয্যার ব্যবস্থা করা সবার পক্ষে সম্ভব হয়নি। অনেকেই মেঝেতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তাদের চিকিৎসা চলছিল।
আচমকা সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জল ঢুকে পড়ায় রোগীদের শয্যায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। একেকটি শয্যায় দুজন করে রোগী আপাতত রাখা হয়েছে। এক রোগীর আত্মীয় অরূপ মন্ডল জানান, 'হাসপাতালেই জল ব্যাপারটা ভাবতেই কেমন যেন লাগছে।
তারমধ্যে নর্দমার আবর্জনা উঠে এসেছে জলের সঙ্গে। এদিকে চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসকরাও জলের জন্য ওয়ার্ডে আসতে চাইছেন না। সমস্যা রয়েছে আমরা। ' মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অমিত দাঁ জানান, 'যে হারে বৃষ্টি হয়েছে তাতে মেডিকেল কলেজের এক তলায় জল ঢুকে পড়েছে ।
তাতে চিকিৎসা পরিষেবায় সামরিক বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। বেঁচে থাকা রোগীদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। অযথা ভয়ের কিছু নেই। আপাতত সব স্বাভাবিক।'


