গ্রামের প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা শহরের কোনও এলাকা ১০২ নম্বরে একটা ফোনেই প্রসূতি রোগীর কাছে পৌঁছে যাবে বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স।
জিপিআরএস এর মাধ্যমে দ্রুত ১০২ অ্যাম্বুলেন্স প্রসূতিকে নিয়ে যাবে কাছের কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে এমনই দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।
ফ্ল্যাগ অফ করে ১০২ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।
সাধারন মানুষের স্বাস্থ্য পরিষেবায় একের পর এক উন্নয়ন করে চলেছে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের সংখ্যা বৃদ্ধি করা লক্ষ্যে এবার গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রসূতি মায়েদের পরিষেবা দিতে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
এর আগেই জেলার বিভিন্ন ব্লকে প্রসূতি রোগীদের জন্য ২০ টি অ্যাম্বুলেন্স চালু করেছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ। দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হল।
অপারেশন ছাড়া প্রসূতি মায়েদের সন্তান প্রসবের ব্যাবস্থাও থাকছে অত্যাধুনিক ১০২ অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সটি জেলার যেকোনও এলাকা থেকেই প্রসূতিকে তুলে নিয়ে পৌঁছে দেবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে।
যদি প্রসূতি অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান প্রসবের সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রেও সেখানেই সন্তান প্রসব করানোর ব্যাবস্থা রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সে সর্বক্ষণের জন্য এ কজন প্রশিক্ষিত নার্স নিযুক্ত থাকছে।
এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রসূতিসেবা আরও উন্নত হবে এটা বলাইবাহুল্য।

