এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
পুলিশ আধিকারিকের সাথে মিটিং সেরে ফেরার পথে দুস্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ব্লক কংগ্রেস সভাপতি সহ চারজন।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধুলিগাঁও মোড়ে। তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
এই হামলার ঘটনার প্রতিবাদে ও তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের গ্রেফতারের দাবিতে চোপড়ার লক্ষীপুর, দাসপাড়া সহ গোটা চোপড়া ব্লক এলাকায় ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস।
এই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।
চোপড়া ব্লক কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া, লক্ষীপুর সহ বেশকিছু একাকায় কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
এই বিষয় নিয়ে রাজনৈতিক হানাহানি ও এলাকায় শান্তি স্থাপনের উদ্দেশ্যে ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক চোপড়া ব্লক কংগ্রেস নেতৃত্বকে ডেকে পাঠিয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় মহকুমা চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়ের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধিদল পুলিশ আধিকারিকের সাথে মিটিং সেরে বাড়ি ফিরছিলেন।
পথে ধুলিগাঁও এলাকায় একদল দুস্কৃতী মোটরবাইক নিয়ে এসে তাদের পথ আগলে দাঁড়ায়। গাড়ি থেকে কংগ্রেস নেতৃত্বদের নামিয়ে তাদের ব্যাপক মারধর করা হয়। দুস্কৃতীদের হামলায় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায়, ফারাজুল মাস্টার, কাবুল, মসির ডাক্তার সহ মোট ছয়জন গুরুতর জখম হন।
তাদের প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় এই হামলার ঘটনায় সরাসরি তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। চোপড়ার তৃনমূল বিধায়ক হামিদুর রহমানের মদতপুষ্ট দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।
এরই প্রতিবাদে আজ ১২ ঘন্টার চোপড়ার লক্ষীপুর, দাসপাড়া বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। বন্ধ সমর্থনকারীরা জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।
তবে বন্ধকে ঘিরে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল রাতের ঘটনার কথা অস্বীকার করেছে তৃনমুল নেতৃত্ব। তাদের দাবি ওই এলাকার দুস্কৃতীরা ছিনতাই করে মারধোর করেছে।
এই ঘটনায় তৃনমুলের কেউ জড়িত নেই। এলাকায় মোতায়েন করা হয়েছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিকে গতকাল রাতে কংগ্রেস নেতৃত্বের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

