মালদা, ২৪ সেপ্টেম্বর :
বাড়ির পেছন থেকে এক গোয়ালার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে
এ কে গোপালন কলোনী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম, সুরেশ ঘোষ (৫২)। পেশায় তিনি ছিলেন গোয়ালা। ওই ব্যক্তিকে কে বা কারা খুন করে তার বাড়ির পিছনে ফেলে দিয়েছে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মৃতর ছেলে বাপি ঘোষের অভিযোগ, গত কয়েক মাস আগে তার বাবা সুরেশ ঘোষ এবং ডাকু ঘোষের পরিবারের সাথে একটি পুকুর নিয়ে বচসা হয়।
সেই বচসার জেরে ডাকু ঘোষের পরিবারের লোকেরা তার বাবা এবং তাদেরকে বাড়িতে ঢুকে মারধর করে। তার সন্দেহ সেই ঘটনার জেরে তার বাবাকে খুন করা হয়েছে।
তিনি জানান, রাতের বেলা খাওয়া দাওয়ার পর বারান্দায় ঘুমিয়ে ছিলেন তার বাবা। সকালবেলা উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এদিন সকালে তাদের নজরে পরে বাড়ির পেছনে মৃতদেহ পড়ে রয়েছে।
মাথা, চোখ সহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে মৃতদেহে।
এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
খুনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা ওই ব্যক্তিকে খুন করল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

