এবি বঙ্গ নিউজ ডেস্ক:
নারদ কাণ্ডে ভয়েস রেকর্ডিংয়ের জন্য মঙ্গলবার সকালে সিবিআই দপ্তরে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷ জানা গিয়েছে, দু’জন সাক্ষীর সামনে বসিয়ে দুই নেতার ভয়েস রেকর্ড করেন তদন্তকারীরা৷
প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশন কাণ্ডে সম্প্রতি বেশ তৎপর হয়েছে সিবিআই৷ এই মর্মে স্টিং অপারেশনে অভিযুক্ত ১১ বিধায়ক ও সাংসদকে সমন পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যে তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, অপরূপা পোদ্দার, সৌগত রায়ের। রয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের নামও। তাঁদের প্রত্যেককে সিবিআই দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়৷
