বারুইপুরঃ
রাতের অন্ধকারে রাস্তায় একের পর এক ট্রাক দাঁড় করিয়ে জোর করে চাঁদা তুলছেন স্থানীয় অভিযান ক্লাবের সদস্যরা। ঘটনাস্থল বারুইপুর আমতলা রোডের অর্জুনতলা।
এলাকার পঞ্চায়েত সদস্যা সোনালী সাহা ও তার স্বামী অনুপ সাহার নেতৃত্বেই ক্লাবের ছেলেরা ট্রাক চালকদের উপর চাঁদার জন্য এই জুলুমবাজি করছে বলে অভিযোগ।
এ বিষয়ে ট্রাক চালকদের তরফ থেকে বারুইপুর থানায় বিষয়টি ফোন করে জানানো হয়। ঘটনার খবর পেয়েই বারুইপুর থানার পুলিশ আসে তদন্তে।
এলাকায় চাঁদার জন্য জুলুম করলে থানার তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ও দিয়ে আসেন পুলিশকর্মীরা।
এলাকা থেকে পুলিশ চলে যাওয়ার পর ক্লাবের সদস্য ও স্থানীয় কিছু মানুষ এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার বাড়িতে ভাংচুর করে।
তাদের দাবী বিশ্বজিৎ বাবুই পুলিশকে ডেকে এনেছিল। সেই সন্দেহের বশেই রাতের অন্ধকারে তার বাড়িতে হামলা চালানো হয়। আর সেই হামলার ছবি ধরা পড়ে বাড়ি ও দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ ব্যবসায়ী। তবে ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত তারা।
বেশকিছু দিন ধরে বারুইপুর আমতলা রোডের অর্জুনতলা এলাকায় পণ্যবাহী গাড়ির উপর জোর করে চাঁদা তোলা হচ্ছে।
সোমবার রাতে সেই খবর পেয়ে ঘটনা স্থলে আসে বারুইপুর থানার পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে সেখানে আসেন স্থানীয় তৃণমূল সদস্যা সোনালী সাহা ও তার স্বামী। পুলিশের সাথে কথা বলার পর পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলেই, সন্দেহের বশে ঐ সদস্যার উপস্থিতিতেই ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার বাড়ি ও দোকান ভাঙচুর করে ক্লাবের সদস্য ও এলাকার কিছু মানুষজন।
ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত ঐ পরিবার। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি এই ঘটনায়। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


