কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মধ্যে লাগাতার সংঘর্ষের কারণে স্তব্ধ হয়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষীপুর এলাকার উন্নয়ন।
সেই উন্নয়নকে ফিরিয়ে আনতে এবং এলাকায় শান্তি প্রতিস্থাপন করতে বৈঠকে বসলেন চোপড়া ও ইসলামপুরের দুই বিধায়ক।
বৃহস্পতিবার ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এক জরুরি সভায় বসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে। দুই বিধায়কের মধ্যে এলাকার পরিস্থিতি নিয়ে দীর্ঘসময়ের বৈঠক হয়।
বৈঠক শেষে আব্দুল করিম চৌধুরী জানান, লক্ষ্মীপুরকে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ফিরিয়ে আনতে তিনি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের পাশে রয়েছেন। যাতে ওই এলাকার উন্নয়ন বন্ধ হয়ে না থাকে তার জন্য তারা দুজনেই উদ্যোগী হবেন।
পাশাপাশি কিভাবে পরিস্থিতি স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা সম্ভব এবং কিভাবে ফের উন্নয়ন করা সম্ভব ওই এলাকায় তা নিয়ে একটা নতুন ফর্মুলা বের করবেন তিনি। যদিও সেই ফর্মুলা কি তা এখনই তিনি বলতে নারাজ। এই কর্মসূচিতে তারা চোপড়া থানার আইসি এবং বিডিওকে সঙ্গে রাখবেন বলে জানান তিনি।
পাশাপাশি ঝামেলা নিষ্পত্তির জন্য কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দুই পক্ষকেই নিয়ে একটি সভার আয়োজন করার কথাও বলেন তিনি।
যা এ মাসের ১৮ কিংবা ১৯ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান জানান, করিম চৌধুরী এবং তিনি দুজনেই একই দলের বিধায়ক এবং পাশাপাশি দুটি বিধানসভায় তারা রয়েছেন।
তিনি চাচ্ছেন লক্ষীপুরের পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে।তাই আব্দুল করিম চৌধুরী অভিভাবক হিসেবে মধ্যস্থতায় এগিয়ে আসুক।
সাধারণ মানুষের মধ্যে শান্তির বাতাবরণ গড়ে তুলতে দুই বিধায়ক মিলেই এবার নতুন ভাবে উদ্যোগী হচ্ছেন বলেও জানান তিনি।
