(শিশু মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া জেলা হাসপাতাল,,




প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :

 শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া জেলা  হাসপাতাল চত্বর। 

ব্যাপক ভাঙচুর করা হয় সুপারের অফিস। সেই সময় সংবাদমাধ্যমের কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপরেও চড়াও হয় বিক্ষোভকারীরা।  


কেড়ে নেওয়া হয়  মোবাইল ফোন। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 




শেষপর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। তারপরে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। 

পরিস্থিতি সামলাতে নামে র‍্যাফও। এদিন ভাঙচুরের ছবি তুলতে গিয়ে বেধড়ক মারধর করা হয় এক চিত্র সাংবাদিককে।

 জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ হাওড়া পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের  বেলগাছিয়ার বাসিন্দা বরজ সাউ ও পূজা সাউয়ের কন্যা পিউ সাউকে(১) জ্বরের কারণে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালের শিশু বিভাগে। 

সেখানেই বিকেল চারটে নাগাদ মৃত্যু হয় শিশুটির। সেই খবর পাড়ায় ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা।

 প্রথমে তারা শিশু বিভাগের ভেতরেই ভাঙচুর চালায়। সেই ছবি তুলতে গিয়ে ইলেকট্রনিক চ্যানেলের ক্যামেরাম্যান বিনোদ সিংকে বেধড়ক মারধর করে তারা।

 কেড়ে নেয় তার মোবাইল ফোনও। এরপরেই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের অফিসে তান্ডব চালায় উত্তেজিত জনতা। চেয়ার, টেবিল, কম্পিউটার, মনিটার, প্রিন্টার সব কিছুই ভেঙে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...