এবি বঙ্গনিউজ।
এযুগের অন্যতম মার্ক্সবাদী চিন্তানায়ক ও এস. ইউ. সি. আই. (সি) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ'এর স্মরণ দিবস এবং উন্নাও কাণ্ডের প্রতিবাদে বাগনানে পথসভা ।
মহান মার্ক্সবাদী চিন্তানায়ক ও দার্শনিক শিবদাস ঘোষ এর আগামী ৫ই আগস্ট স্মরণ দিবস উপলক্ষে বাগনান শহরে আয়োজিত হল এক পথসভা।
এস. ইউ. সি. আই. (সি) দলের প্রতিষ্ঠাতা এই স্বাধীনতা সংগ্রামী মার্ক্সবাদী নেতা ১৯৭৬ সালের ৫ই আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হন। এই পথসভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার, লোকাল কমিটির প্রবীণ নেতা সোমনাথ মান্না, এ. আই. ইউ. টি. ইউ. সি. শ্রমিক সংগঠনের নেতা নিখিল বেরা, শিক্ষক নেতা শ্রীমন্ত ধাড়া এবং এ. আই. ডি. এস. ও ছাত্র সংগঠনের নেতা সেখ. মহ. মাসুদ সহ আরো অন্যান্যরা।
দলীয় সূত্রে খবর, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, বিজেপির বিভাজনের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন এই সভার বক্তারা।
শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত পরিষেবা ক্ষেত্রে বেসরকারীকরণ, শিক্ষার গৈরিকীকরণ ও দেশজুড়ে অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করেন নেতারা।
পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নাওয়ে কিশোরী ছাত্রীর উপর নৃশংস অত্যাচার ও গণধর্ষণের পর ধর্ষিতাসহ তার পরিবারের সদস্যদের খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সেঙ্গারের চরম শাস্তির দাবি করা হয় এই সভায়।
দেশজুড়ে মেহনতি মানুষের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দলের রাজ্য কমিটি আয়োজিত নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশে বর্তমান সাধারণ সম্পাদক কমরেড প্রভাষ ঘোষের বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় এই সভা থেকে।

