এবি বঙ্গনিউজ,মালদা ঃঃ
তৃনমূলের বুথ সভাপতি কে নৃশংসভবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো বিজেপি কর্মীর দের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার মাজরা গ্রামে ।
নিহতের নাম প্রদীপ রায় (৩৭)। গাজোল থানার মাজরা গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন ওই কর্মী।
এই খুনের পিছনে বিজেপি দায়ী, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সোমবার গভীর রাতে মাজরা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি বুথের সভাপতি প্রদীপ রায় মোটর বাইকে মাজরা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
পথে একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। শুরু হয় বচসা।
অভিযোগ, এরপরই ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপ মারে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের আঘাতে মাথায়, বুকে আঘাত লাগে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা প্রদীপবাবুর চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন। রক্তাক্ত অবস্থায় প্রদীপবাবুকে গাজোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।


