এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
গ্রামের সাধারন মানুষের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পঞ্চায়েত পরিষেবা প্রদানের লক্ষ্যে কিভাবে পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা রচনা করা হবে তা নিয়ে এক কর্মশালার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে জেলার ৯৮ টি গ্রামপঞ্চায়েতের প্রধান এবং জেলার ৯ টি ব্লকের আধিকারিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ কর্নজোড়ার অডিটোরিয়ামে।
প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ কুমার বিশ্বাস, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক অতনু মন্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকগন।
কর্মশালায় বিগত ২০১৯-২০ আর্থিক সালের গ্রামপঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রচনায় ভালো ফল করার জন্য জেলার তিনটি গ্রামপঞ্চায়েত কে পুরস্কৃত করা হয়।
২০২০-২১ সালের গ্রামপঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুধবার রায়গঞ্জ অডিটোরিয়ামে এক কর্মশালা অনুষ্ঠিত হল।
কিভাবে গ্রামের সাধারন মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়া যাবে, কোন কোন কাজ করলে গ্রামের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বা পঞ্চায়েতের কোন কোন কাজের মাধ্যমে গ্রামের মানুষদের স্বনির্ভরতা গড়ে উঠবে তা নিয়ে গ্রামপঞ্চায়েতের প্রধানদের এবং সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের নির্মান সহায়কদের প্রশিক্ষন দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশাসনিক কর্তারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে মানুষে কাছে মানুষের পাশে থাকার উদ্দেশ্যেই উন্নয়নের মাধ্যমে গ্রামপঞ্চায়েতের প্রধানদের এই কর্মশালা। উত্তর দিনাজপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক অতনু মন্ডল জানিয়েছেন, ২০২০-২১ সালের গ্রামপঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার সূচনা করা হল আজ।
এছাড়াও এই পরিকল্পনা সম্পর্কে প্রধানদের নিয়ে আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হল।
এরপর প্রতিটি গ্রামপঞ্চায়েতে গ্রামসংসদ সদস্যদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

