এবি বঙ্গনিউজ।
তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ কর্মসূচি হিসেবে জেলার মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে এক বিশাল মহিলা সমাবেশ করল উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস।
রায়গঞ্জ কর্নজোড়ায় অডিটোরিয়াম হলে সুবিশাল মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী পুষ্পা মজুমদার, জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মোসারফ হোসেন, জেলা আইএনটিটিইউসি'র সভাপতি অরিন্দম সরকার সহ উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব। মহিলা সমাবেশে হাজির হয়েছিলেন চোপড়া থেকে ইটাহার নটি ব্লকের পঞ্চায়েত ও পুরসভার মহিলা জনপ্রতিনিধিরা।
জেলার প্রতিটি ব্লক থেকে গ্রামপঞ্চায়েত এলাকায় সাধারন মহিলাদের কাছে পৌঁছাতে এবং মহিলাদের নানান সমস্যা শুনে তা সমাধান করার লক্ষ্যে দলের মহিলা জনপ্রতিনিধিদের মাঠে নামার নির্দেশ দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
আর সেই লক্ষ্যেই রায়গঞ্জ অডিটোরিয়ামে জেলার সর্বস্তরের মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে এক মহিলা সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি। গ্রাম সংসদ সদস্যা থেকে পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদ সদস্যা এবং জেলার চারটি পুরসভার মহিলা জনপ্রতিনিধিরা জেলা সভাপতির ডাকে হাজির হয়েছিলেন মহিলা সমাবেশে।
মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধায়ের জনসংযোগ কর্মসূচীকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলায় মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে মহিলা সমাবেশ করল উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস।
জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, সংগঠনে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণ করানোর পাশাপাশি গ্রামগঞ্জের মহিলাদের নানান অভাব অভিযোগ শোনার জন্য সংগঠনের মহিলা সদস্যদের এগিয়ে আসতে হবে। সামনেই রয়েছে রাখীপূর্ণিমা। ওই দিনে দলমত নির্বিশেষে সকলের হাতে রাখী পড়ানোর নির্দেশ দেন জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।


