এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
নার্সদের কর্মবিরতি আন্দোলনে বন্ধ হয়ে পড়েছে পরিষেবা, অসহায় অবস্থার মধ্যে চিকিৎসা না পেয়ে নাজেহাল রোগীরা।
দিনভর এমনই বেহাল স্বাস্থ্য পরিষেবার ছবি ফুটে উঠল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
নার্সদের সমস্যাকে মান্যতা দিলেও তাদের আন্দোলনকে অগনতান্ত্রিক বলে অভিহিত করলেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল।
এদিকে সমস্যা সমাধান না হওয়ায় পরবর্তীতে আন্দলোন চালিয়ে যাবে নার্সেরা এমনটাই সূত্রের খবর। ফলে হাজার হাজার রোগীর স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীনির মৃত্যুকে কেন্দ্র করে দুজন নার্সকে মারধর করার অভিযোগ উঠেছিল। এই ঘটনা নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছিল হাসপাতাল চত্বরে।
পরে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নার্সদের উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ওই দিনই হাসপাতালের ভাইস প্রিন্সিপালের ঘরের সামনে ধর্না অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছিলেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেরা।
সেই আন্দোলনের রেশ টানতেই এবং কর্তব্যরত অবস্থায় হাসপাতালে তাদের নিরাপত্তার দাবিতে বুধবার সকাল থেকেই কর্মবিরতি করে ভাইস প্রিন্সিপালকে তাঁর চেম্বারের ভেতরে আটকে রেখে আন্দোলন করতে থাকে নার্সেরা।
নার্সদের এই আন্দোলনের জেরে নুন্যতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। হাসপাতালের কোনও ওয়ার্ডেই আজ দেখা মেলেনি কোনও নার্সকে।
ফলে মুমূর্ষু রোগী থেকে সাধারন সবধরনের রোগীরাই আজ দিনভর চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিতই থেকে গেলেন।
ওষুধ, ইঞ্জেকশন থেকে স্যালাইন দেওয়া কোনও কিছুই পেলেন না রোগীরা।
এতে সমস্যায় পড়েছেন জানালেন রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। যদিও এব্যাপারে মুখ খুলতে নারাজ আন্দোলনরত নার্সেরা।
রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল দিলিপ পাল জানিয়েছেন, হাসপাতাল রোগীদের পরিষেবা দেওয়ার জায়গা, এখানে এভাবে ট্রেড ইউনিয়নের মতো আন্দোলন করা যায়না৷
পরিষেবা স্বাভাবিক রেখে আলাপ আলোচনার মাধ্যমে নার্সেরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারতেন। আমাকে ঘরে আটকে রেখে এই ধরনের আন্দোলন সমর্থনযোগ্য নয়।

