এবি বঙ্গ নিউজ ডেস্ক:
দু'টি বাসের রেষারেষিতে কান কাটা গেল যাত্রীর। খাস শহর কলকাতার গড়িয়াহাটে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই বাসের চালককে।পুলিশ সূত্রে খবর, আহত যাত্রীর নাম সমীর পাল। তিনি ২১২ রুটের একটি বেসরকারি বাসে চেপে প্রতিদিনের মত কর্মস্থলে যাচ্ছিলেন। দাঁড়িয়েছিলেন বাসের সামনের গেটের পাদানিতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গড়িয়াহাট মোড়ের কাছে পিছন থেকে ৩সি/২ রুটের বাস চলে এলে দুইজনে রেষারেষি করতে।২১২ রুটের বাসটি আচমকা ব্রেক কষলে ওই ব্যক্তি পাদানি থেকে ছিটকে পড়ে যান। এই সময় ৩সি/২ বাসটি এসে ধাক্কা মারে তাঁকে।ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে। তাঁর একটি কান ওই ধাক্কায় ছিঁড়ে যায়। পাশাপাশি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে অন্য কানটি থেঁতলে অনেকটাই ছিঁড়ে গিয়েছে। ডান হাতের বুড়ো আঙুলেও গুরুতর আঘাত লাগে তাঁর।পুলিশ সূত্রে জানা গেছে আহত ওই ব্যক্তির নাম সমীর পাল(৬৫)।আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ইতিমধ্যে দুই বাসের চালককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয় দুই বাসের দুজন কনডাক্টরকেও। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গেছে।
