এবি বঙ্গনিউজ,মালদা,২৫ আগস্ট :
পুলিশি অত্যাচারের প্রতিবাদে, রবিবার সকাল থেকে সমস্ত রুটের বেসরকারি বাস বন্ধ করে আন্দোলনে নামল সমস্ত শ্রমিক সংগঠন।
বাসচালকদের অভিযোগ, মালদা শহরের রথবাড়ি এলাকায় বাস নিয়ে গেলে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ তাদের মারধর করে।
এরপর পুলিশী অত্যাচারের প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে জেলার সমস্ত রুটের বেসরকারী বাস বন্ধ রেখে আন্দোলনে শামিল হন জেলার সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা।
এর ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সরকারি বাস এবং ছোট গাড়িতে করে যাত্রা করতে বাধ্য হন তারা।
যাত্রীরা জানিয়েছেন দীর্ঘক্ষন ধরে তারা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও বেসরকারি পাননি। তারা বলেন, সরকারি বাসে চেপে যাত্রা করেন তারা। কিন্তু তুলনামূলক সরকারি বাস কম থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এদিন সকাল থেকে দেখা যায় মালদা শহরে রথবাড়ি এলাকায় লম্বা লাইন যাত্রীদের। কেউ যাবেন, বালুরঘাট, কেউ রায়গঞ্জ, কেউবা চাঁচল কিন্তু সমস্ত রুটের বেসরকারি বাস বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এক ঘন্টা- দেড় ঘন্টা দাড়িয়ে থাকার পর একটি করে বেসরকারি বাস আসে সেখানে।
কিন্তু যাত্রী সংখ্যা বেশি থাকার কারণে অনেকেই সেই বাসে যাত্রা করতে পারেননি। ফলে ছোট গাড়িতে করে যাত্রা করেছেন তারা।
এই ঘটনায় পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, রথবাড়ি এলাকায় কোন বাস স্ট্যান্ড নেই। জোর করে বাস চালকরা সেখানে যাত্রী তোলার ঘটনায় যানজটের সৃষ্টি হয়।
বাসচালকদের মারধরের ঘটনা অস্বীকার করেছেন তিনি।