এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পরল বিশ্ববিদ্যালয় চত্বরে।
কে বা কারা অশোক দাস ও তাপস মহন্ত নামে দুই অধ্যাপকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার মেরেছে তা জানা না গেলেও কাটমানি পোস্টার নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও অধ্যাপক অশোক দাস এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রের পালটা অভিযোগ তুলেছেন।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, গেটে এবং বিভিন্ন ডিপার্টমেন্টএর জায়গায় জায়গায় দেওয়ালে কাটমানি নিয়ে পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
কোনও পোস্টারে লেখা রয়েছে কাটমানি টাকা লুট করে খাওয়া অধ্যাপক অশোক দাস ও তাপস মহন্তকে অবিলম্বে টাকা ফেরত দিতে হবে, আবার কোনও পোস্টারে লেখা রয়েছে কাটামানি ও তোলাবাজিতে অভিযুক্ত তাপস মহন্ত ও অশোক দাসের বিরুদ্ধে এফ আই আর করতে হবে। এই ধরনের পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর।
কিন্তু কে বা কারা এই পোস্টার মারল তা জানা নেই কারও। পোস্টারের নীচে কোনও সংগঠনের নাম নেই। ফলে এই পোস্টার নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। যাঁদের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে তাদের মধ্যে অন্যতম অধ্যাপক অশোক দাস বলেন, এসব ভিত্তিহীন মিথ্যা সব অভিযোগ। বিশ্ববিদ্যালয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে।
গোটা রাজ্যে এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সুনাম অর্জন করে চলেছে। আর কিছু মানুষ আছেন যারা এই ধরনের নোংরা রাজনীতি করে চলেছেন। কারা এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটিয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে।
এব্যাপারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকারের সাথে কথা বলতে তিনি সাক্ষাৎ করতে চাননি।



