এবি বঙ্গনিউজ।
দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে এক যুবকের আংটি ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রেলগেট সংলগ্ন এলাকায়।
রায়গঞ্জের বাসিন্দা অরিত্র দে জানান, রবিবার বেলা ১১ টা নাগাদ সাইকেলে করে রায়গঞ্জ শহর সংলগ্ন রেলগেট থেকে অন্যদিকে যাওয়ার সময় একটি ক্লাবের ঠিকানা জানতে চায় অপরিচিত দুইজন ব্যক্তি।
অরিত্রর অভিযোগ, এরপরে কোন ঘটনাই মনে পরছেনা তাঁর। অবশেষে চেতনা ফিরলে অরিত্র দেখতে পায় তার হাতের সোনার আংটি, মানিব্যাগ কিছুই নেই তার কাছে।
বাড়িতে ফিরে গোটা ঘটনা তার পরিবারের কাছে জানালে পরিবারের পক্ষথেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।
অরিত্রর বাবা শত্রুঘ্ন দে জানান, ঐ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন পুলিশ। সিসিটিভিতে দেখা গিয়েছে তাঁর ছেলেকে দুই ব্যক্তি রেলগেট সংলগ্ন এলাকায় দুএকটা কথা বলার পরে রেলগেট সংলগ্ন শনি মন্দিরের পাশের গলিতে নিয়ে যায়।
কিছুক্ষণ বাদেই আবারও তারা ফিরে এসে তাঁর ছেলেকে গলির মুখে ছেড়ে দিয়ে একটি টোটোতে উঠে অন্যত্র চলে যায়। শত্রুঘ্ন বাবু আরো বলেন, দিনেদুপুরে রেলগেট সংলগ্ন ব্যাস্ততম এলাকায় এই রকম ছিনতাইয়ের ঘটনা হতবাক করে দিয়েছে তাঁদের।
বিশেষ করে এরকম জনবহুল এলাকা থেকে সম্মোহন করে যেভাবে তাঁর ছেলের কাছ থেকে ছিনতাই করা হলো তাতে আগামীদিনে কিডন্যাপের মতো ঘটনাও খুব সহজেই ঘটে যেতে পারে৷ পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

