নিজস্ব সংবাদদাতা, মালদহ,
এবি বঙ্গ নিউজ:
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরও মালদা জেলায় ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। এবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের সংঘাতে চরম উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার পৌরসভায়। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ শহরের সার্বিক অনুন্নয়নের অভিযোগ নিয়ে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল দলের কাউন্সিলর কৃষ্ণেন্দু চৌধুরি বর্তমান চেয়ারম্যান নীহার ঘোষকে অভিযোগ জানাতে যান। কিন্তু সেই সময় চেয়ারম্যান নীহার ঘোষকে তার অফিস ঘরে না পেয়ে কৃষ্ণেন্দুবাবু ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের ঘরে যান। সেখানে চেয়ারম্যানকে দেখে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষ্ণেন্দু চৌধুরি । আর সেই মুহূর্তেই ভাইস চেয়ারম্যানের ঘরে ঢুকেই অশালীন ভাষায় কথা বলেন প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি বলে অভিযোগ। আর এনিয়েই পুরসভা চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষের অভিযোগ , কৃষ্ণেন্দুবাবু তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন। তিনি বলেন তিনি ভাবতে পারছেননা তার সাথে উনি এরকম দুর্ব্যবহার করবেন। তিনি বলেন তাকে দেখে নেওয়ার হুমকি দেন প্রাক্তন চেয়ারম্যান। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে। এদিকে প্রাক্তন চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু চৌধুরির অভিযোগ, শহরে যত্রতত্র নোংরা আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। পুরসভার বাজেট হয় না । সমস্ত কিছু উন্নয়নের কাজ মুখ থুবড়ে পড়েছে । আর সেই সব বিষয় নিয়ে এদিন পুরসভায় অভিযোগ জানাতে গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে। কিন্তু তাকে অফিস ঘরে পাই নি। ভাইস চেয়ারম্যানের ঘরে উনি বসেছিলেন। অভিযোগ নিতে চাইছিলেন না । তবে তাকে কোনরকম দুর্ব্যবহার করা হয় নি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।এদিকে চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের মাঝে পড়ে অস্বস্তিতে পড়তে হয় ভাইস চেয়ারম্যান দুলাল সরকারকে। এই বিষয়ে তিনি জানান, চেয়ারম্যান কে গালিগালাজ বা দুর্ব্যবহার করা হয়নি। সামান্য তর্ক বিতর্ক থেকে উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিত অন্যান্য কাউন্সিলররা থাকায় উত্তেজনা এড়ানো সম্ভব হয়।
