রতন কুমার গিরি ,
এবি বঙ্গনিউজ, মেদিনীপুর :
কেউবা প্রস্তাব দিল, স্কুলের ছাদে জলাধার নির্মাণ করে সেই জলকে ভূ-গর্ভে রিচার্জ করার, কেউবা জানালো পৌর এলাকার জলের ভেঙে যাওয়া টাপগুলো সারিয়ে ফেলার পরামর্শ।
মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এইরকমই নানা ভবিষ্যৎ -পরিকল্পনা সামাজিক দায়িত্ববোধের কথা জনালো ছাত্রছাত্রীরা,তাদের স্বরচিত লেখা প্রবন্ধে। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই প্রতিযোগিতা হয় সোমবার। আর, সপ্তাহের শেষ দিন তথা শনিবার স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ ও অরণ্যসপ্তাহ।
পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে পৌর এলাকায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয় স্কুলের তরফ থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, "প্রবন্ধ প্রতিযোগিতায় নবম দশম শ্রেণির ২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয় প্রবন্ধ প্রতিযোগিতায় । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করেছি। " স্কুলের ইকোক্লাবের সম্পাদক তথা সহশিক্ষক প্রদীপকুমার দাস জানান, "পরিবেশ রক্ষায় আমাদের দায় এড়িয়ে যেতে পারি না।আগামী দিনে এই ধরনের নানাবিধ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।"

