এবি বঙ্গ নিউজ ডেস্ক:
সারদা কাণ্ডে এবার মিঠুন চক্রবর্তীর পথেই হাঁটতে চলেছেন সাংসদ শতাব্দী রায়। ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন সারদা থেকে নেওয়া ২৯ লক্ষ টাকা তিনি ফিরিয়ে দিতে চান। যেভাবে বারবার তাঁকে এই ইস্যুতে জেরা করার জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা, তাতে রীতিমতো অস্বস্তিতে তিনবারের সাংসদ। তাই টাকা ফেরানোর প্রস্তাব রেখেছেন তিনি ইডির কাছে। সম্প্রতি শতাব্দী রায়কে সারদা-কাণ্ডে জেরা করতে চেয়ে ইডি আধিকারিকেরা তাঁকে তলব করেন। এর পরেই পাল্টা চিঠি দিয়ে টাকা ফেরতের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।সেই চিঠিতে শতাব্দী রায় জানান, তিনি সারদার সঙ্গে চুক্তি করেছিলেন তাঁকে ব্র্যাণ্ড অ্যাম্বাসাডরের পদ দেওয়া হয়েছিল৷ চুক্তি অনুযায়ী ৪২ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তাঁর৷ তবে টিডিএস কেটে হাতে পান ২৯ লক্ষ টাকা৷ এই পরিমাণ অর্থই তিনি ইডির আধিকারিকদের হাতে তুলে দিতে চান৷ইডি সূত্রে খবর, সারদা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। তাঁর সঙ্গে কত টাকার চুক্তি হয়ে ছিল, সে বিষয়ে জানতে চেয়ে তাঁকে নোটিস পাঠানো হয়। কিন্তু সংসদ চলছে বলে শতাব্দী নিজে হাজির হতে পারেননি। ইডি-কে চিঠি দিয়ে সবিস্তার জানিয়েছেন। তাতে তিনি ২৯ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর। সূত্রে খবর,আগামী ৭ আগস্ট সংসদের অধিবেশন শেষ হওয়ায় পরই তিনি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন শতাব্দী।যদিও ইডি শতাব্দী রায়ের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি।
