উলুবেড়িয়া: বকেয়া পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হলেন উলুবেড়িয়া-১ ব্লকের ঠিকাদাররা। বকেয়া অর্থ পরিশোধ-সহ একাধিক দাবিতে বুধবার উলুবেড়িয়া-১ ব্লক অফিসে গিয়ে বিডিওর অনুপস্থিতিতে জয়েন্ট বিডিওর হাতে পাঁচ দফা দাবিসংবলিত ডেপুটেশন তুলে দেন ঠিকাদারদের প্রতিনিধিরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসার পরও তাঁদের প্রাপ্য টাকা বকেয়া রয়েছে। ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে ঠিকাদারদের।
এদিন বকেয়া পাওনা আদায়ের দাবিতে ব্লক অফিসের সামনে কয়েকজন ঠিকাদার অবস্থানেও বসেন। তাঁদের বক্তব্য, প্রতিশ্রুতির পরিবর্তে তাঁরা এবার তাঁদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছেন। তাঁদের দাবি, কাজ সম্পূর্ণ করার পর প্রাপ্য অর্থ আটকে থাকলে নতুন করে কাজ চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ছে।
ঠিকাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, উলুবেড়িয়া-১ ব্লকের ঠিকাদাররা হাওড়া জেলায় প্রথমবারের মতো বকেয়া পাওনা আদায়ের দাবিতে সংগঠিতভাবে এই কর্মসূচি গ্রহণ করেছেন। তাঁদের মূল দাবি, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের জন্য দীর্ঘদিন ধরে যে টাকা বকেয়া রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে হবে।
এদিনের ডেপুটেশনে মোট পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম ছিল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ, কাজের বিল মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং ঠিকাদারদের প্রাপ্য অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা করা।
ঠিকাদারদের বক্তব্য, “কাজ করেছি নিষ্ঠা ভরে, পাওনা কেন বাকি পড়ে?” তাঁদের দাবি, উন্নয়নের কাজ করতে গিয়ে ঠিকাদাররা যাতে নিজেদের পকেট থেকে দীর্ঘদিন অর্থ খরচ করতে বাধ্য না হন, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বকেয়া পাওনা নিয়ে ঠিকাদারদের এই কর্মসূচিকে ঘিরে এদিন ব্লক অফিস চত্বরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও তাঁরা ভাবনাচিন্তা করবেন।
ঠিকাদারদের বার্তা
“পাওনা চাই, প্রতিশ্রুতি নয়—
ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।”
ঐক্যবদ্ধ ঠিকাদার সমাজ — ন্যায্য পাওনার অঙ্গীকার।




