হাওড়া: সাঁতরাগাছি দেশবন্ধু কলোনির দেশবন্ধু সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে অবস্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজসেবীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় একটি বিশেষ ব্যায়াম প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শারীরিক কসরত ও ব্যায়ামের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। অনুষ্ঠানে ক্লাবের সমস্ত সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শ, দেশপ্রেম ও সমাজসেবার ভাবনাকে স্মরণ করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।


