আগামী 5th Khelo India Khelo Open International Kickboxing & Full Contact Karate Championships 2027-কে কেন্দ্র করে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা, দেশ-বিদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক Shito-Ryu Karate-Do Federation। সাংবাদিক সম্মেলনে প্রধান সংগঠক ও ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শিহান ইমতিয়াজ আনসারি জানান, এবারের প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু প্রতিযোগিতা আয়োজন করাই তাঁদের লক্ষ্য নয়, বরং প্রতিটি শিশু ও খেলোয়াড়কে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য একটি সুন্দর ও উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রতিটি খেলোয়াড় যাতে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পায় এবং ভবিষ্যতে আরও বড় পর্যায়ে এগিয়ে যেতে পারে, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও যথাযথ সম্মান, মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হবে।
এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হতে চলেছে 'গৌরব বাংলা অ্যাওয়ার্ড'। ক্রীড়াক্ষেত্রে যাঁরা দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন, সেই সমস্ত প্রতিভাবান খেলোয়াড়, কোচ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হবে।
শিহান ইমতিয়াজ আনসারি আরও বলেন, "আমাদের লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে কোনও প্রতিভাবান শিশু বা খেলোয়াড় সুযোগের অভাবে পিছিয়ে থাকবে না। খেলোয়াড়রা তাদের প্রাপ্য সম্মান পাবে, কোচরা যথাযথ মর্যাদা পাবেন এবং ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষ গর্ব অনুভব করবেন। এই চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র পদক জয়ের প্রতিযোগিতা নয়, এটি হবে প্রতিভা, শৃঙ্খলা, সম্মান ও গৌরবের এক মিলনমেলা।" আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের মাধ্যমে কিকবক্সিং ও ফুল কন্ট্যাক্ট কারাতের প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের এক নতুন দিশা পাবে। পাশাপাশি অভিজ্ঞ কোচ ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানোর মধ্য দিয়ে বাংলার ক্রীড়াজগতে এক বিশেষ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

