২০০৮ সালের ২৬ নভেম্বর। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ১০ জন সশস্ত্র জঙ্গির পরিকল্পিত নৃশংস সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা সেই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন নিরীহ মানুষ ও নিরাপত্তাকর্মী। আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। 

সেই ভয়াবহ সন্ত্রাসী হামলায় অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন মুম্বই পুলিশের সহকারী উপ-পরিদর্শক (তৎকালীন পদমর্যাদা) নায়েক তুকারাম গোপাল ওম্বলে। নিজের প্রাণের পরোয়া না করে, খালি হাতে সন্ত্রাসীর অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে তিনি জীবিত অবস্থায় এক জঙ্গিকে আটক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের নিরাপত্তার স্বার্থে তাঁর সেই আত্মত্যাগ ও বীরত্ব আজও প্রতিটি ভারতবাসীর কাছে চিরস্মরণীয়।
এই বীর শহিদদের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যরত পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২৬ নভেম্বর এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করল Future for Nature Foundation ও Howrah Lions Club।
ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ও হাওড়া লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে হাওড়া রুরাল ট্রাফিক পুলিশের সমস্ত সদস্যের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন DSP Traffic শ্রী আমির আলি মহাশয়। একে একে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁদের ব্যস্ত ডিউটির ফাঁকেই শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান।
অনুষ্ঠানে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন,
“পথ নিরাপত্তা থেকে শুরু করে সমাজের বিভিন্ন সমস্যায় আমরা সবসময় পুলিশকর্মীদের পাশে পাই। রাস্তায় রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে তাঁরা প্রতিনিয়ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছেন। কিন্তু দীর্ঘ কর্মব্যস্ততা ও ডিউটির চাপে অনেক সময় তাঁরা নিজেদের চোখ ও স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়ার সুযোগ পান না।
তাই ২৬ নভেম্বরের মতো একটি বিশেষ দিনে চিকিৎসকদের তাঁদের কর্মস্থলে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এর ফলে পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি ডিউটির ফাঁকেই চোখ ও স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ পেলেন। আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি তাঁদের সুস্থ থাকতে সামান্য সাহায্য করে, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।”
শুভ্রদীপ ঘোষ আরও জানান, এই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। আগামীকাল শ্যামপুর থানা এবং শনিবার পেঁড়ো থানায় বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে পৌঁছে যাবে সংগঠন।
এই উদ্যোগের জন্য উপস্থিত পুলিশকর্মীরা ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ও হাওড়া লায়ন্স ক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যাঁরা প্রতিদিন মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাঁদের সুস্থতার দায়িত্ব নেওয়াও আমাদের সামাজিক কর্তব্য।
২৬/১১-র শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশের নিরাপত্তায় নিয়োজিত প্রতিটি পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীকে জানাই আন্তরিক স্যালুট।









