মতিয়ার রহমান:উলুবেড়িয়া
বুধবার ছিল শুভ ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা ও পারস্পরিক বন্ধনের এক অনন্য উৎসব এই ভাইফোঁটা। প্রচলিত রীতি ও ঐতিহ্য মেনে এই বিশেষ দিনে দিদি-বোনেরা তাঁদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। শুধু বাংলাতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিরাও এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। ভাই-বোনের সম্পর্কের এই আবেগঘন উৎসব প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছে আনন্দ ও ভালোবাসার এক বিশেষ বার্তা।
পরম্পরা এই উৎসবের আনন্দ থেকে পিছিয়ে থাকেনি আশা ভবন সেন্টারও। আজ ভাইফোঁটা উপলক্ষে উৎসবের আনন্দে মেতে ওঠেন আশা ভবন সেন্টারের আবাসিকারা। তাঁদের সঙ্গে এই আনন্দে সামিল হন সুদূর ফ্রান্স থেকে আগত আশা ভবন সেন্টারে থাকা দুই বিদেশিনী স্বেচ্ছাসেবিকা ডেফনি ও কলিনা। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে ভাইফোঁটার এই অনুষ্ঠানে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে আরও বিশেষ করে তোলে।
আবাসিকাদের সঙ্গে দুই বিদেশিনী স্বেচ্ছাসেবিকার এই উৎসবে অংশগ্রহণ যেন আরও একবার প্রমাণ করল, ভালোবাসা ও আন্তরিকতার কোনও ভৌগোলিক সীমানা নেই। দেশ-বিদেশের সংস্কৃতি আলাদা হলেও উৎসবের আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক সকলকে একই সুতোয় বেঁধে রাখতে পারে। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে আশা ভবন সেন্টারের পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দমুখর ও প্রাণবন্ত।
এ প্রসঙ্গে আশা ভবন সেন্টারের হোম সুপার অরুণিমা জাশু বলেন, “আমাদের হোমে সমস্ত পুজো-পার্বণ ও উৎসব রীতিনীতি মেনে পালন করা হয়ে থাকে। প্রতিটি উৎসবের মধ্য দিয়েই আবাসিকাদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করি। ভাইফোঁটাও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকের জীবনে এই উৎসবের আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কামনা।”





