সুকমল সাউ:শ্যামপুর
শ্যামপুরের কোটরা পশ্চিম শিশু শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে, আজ ৩রা জানুয়ারি শনিবার বেলা 11 টার পরেও দেখা যায় ছাত্র-ছাত্রী শুন্য ক্লাসরুম ফাঁকা অবস্থায় একমাত্র শিক্ষিকা বসে আছেন। তিনি বলেন গত বছর থেকেই ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল। এই বছর নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় মাত্র পাঁচ জন। স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়ে একমাত্র শিক্ষিকা থাকার জন্যই ছেলে মেয়েদের শিক্ষায় ঘাটতি থেকে যাচ্ছে তাই অভিভাবকরা অন্যত্র তাদের ছেলেমেয়েদের ভর্তি করছেন । বর্তমান শিক্ষিকা আলপনা বাগ বলেন যেহেতু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা মাত্র পাঁচ তাই এই অল্প সংখ্যক ছাত্র-ছাত্রীদের খুবই সীমিত সরকারি বরাদ্দে মিড ডে মিল চালানো সম্ভব হচ্ছে না । গ্রামীন এলাকায় ছাত্র-ছাত্রীদের অন্যত্র চলে যাওয়ার এটাও একটি অন্যতম কারণ।
শ্যামপুর ১নং ব্লক SEO( সমিতি এডুকেশন অফিসার) উজ্জল পাহাড়ি বলেন পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ না হওয়ার ফলে এই শিশুশিক্ষা কেন্দ্রে একজন শিক্ষিকা রয়েছেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। স্থানীয় গ্রামবাসীরা বলেন , রজতজয়ন্তী বর্ষ উদযাপন হওয়ার কথা ছিল যে বিদ্যালয়ে, নতুন বছরে সেটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা লজ্জিত। শ্যামপুরের বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী বলেন তৃণমূলের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতীর ফলে শিক্ষক নিয়োগ বন্ধ তাই একের পর এক বিদ্যালয় গুলিতে তালা পড়ছে। স্থানীয় কবি ও প্রাক্তন শিক্ষক অজিত কুমার জানা বলেন এই বিদ্যালয় বন্ধ হওয়ায় এলাকার শিক্ষাক্ষেত্রে একটি শূন্যস্থান তৈরি হবে। সম্মিলিত প্রচেষ্টায় এই শূন্যস্থান পূরণ করা আমাদের নৈতিক কর্তব্য।


