বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বর সহ ৮ জনের। মৃতেরা সকলেই একই পরিবারের। শুক্রবার (৪ জুলাই ) ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে। পুলিশ সূত্রে প্রকাশ, সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ু জেলার সিরতৌলে বিয়ে করতে যাচ্ছিলেন সুরজ।
একটি এসইউভিতে সুরজসহ তাঁর পরিবারেরই ১০ জন সিরতৌলের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু বিয়ের আসরে পৌঁছনোর আগেই দুর্ঘটনায় মৃত্যু হল বর এবং তাঁর পরিবারের ৮ জনের।
২ জনের অবস্থা সংকটজনক। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে দ্রুতগতিতে ছুটছিল গাড়িটি। সম্ভলেরই জেওয়ানাই গ্রামের কাছে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশেই রয়েছে একটি কলেজ। সেই কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। মৃতদের মধ্যে রয়েছেন সুরজ (২৪), তাঁর বৌদি আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাই মনোজের পুত্র বিষ্ণু (৬), সুরজের কাকিমা, সুরজের ২ ভাইবোন এবং এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, এসইউভিতে যা যাত্রী ধারণের ক্ষমতা, তার তুলনায় বেশি ছিল। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ আসে। তারপর দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। বরের মৃত্যুর খবর পেয়ে কনের বাড়িতে ও দিশেহারা অবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, " উত্তরপ্রদেশের সম্ভলে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।"
