মালদা, ১৪ মার্চ।
নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে গাছে ধাক্কা বেসরকারি বাসের। আর এই দুর্ঘটনায় জখম হয়েছেন চালকসহ ৩০ জন বাস যাত্রী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকার মালদা - নালাগোলা রাজ্য সড়কে। আহতদের মধ্যে ১২ জনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা শহর থেকে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস মালদা নালাগোলার দিকে যাচ্ছিল বুলবুলচন্ডী মনসাতলা এলাকার রাজ্য সড়কের কাছে আচমকাই ওই বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে ।
আর তাতেই চালক সহ ৩০ জন যাত্রী জখম হয়েছেন। পুলিশ বাসটিকে আপাতত উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে গিয়েছে। এই দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানা পুলিশ।

