শাবক বাঘরোলকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল বাগানের যুবকরা


 রুপম দাস,হাওড়া(বাগনান):

জেলার এক প্রান্তে যখন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর স্বীকৃতি পাওয়া বাঘরোল খুনের ঘটনাকে নিয়ে তোলপাড় চলছে ঠিক তখন অন্য প্রান্তে দুর্ঘটনাগ্রস্ত একটি বাঘরোল শাবককে রাস্তার কুকুরদের মুখ থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন কয়েকজন স্থানীয় যুবক। শনিবার উলুবেড়িয়া বনদপ্তরের হাতে একটি আহত বাঘরোল শাবককে তুলে দেন বাগনানের বাসিন্দা চিত্রক প্রামানিক, সাগর দাস ও আশিস দাস। শুক্রবার সন্ধ্যায় এই শাবকটিকে বাগনানের খাদিনান লালগড় এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আশিস ঘোষ ও সাগর ঘোষ। রাস্তার কুকুররা তখন ওই শাবকটিকে মুখে নিয়ে টানা হিঁচড়া করছিল। ওই দুই যুবক কোনওরকমে কুকুরের মুখ থেকে ওই শাবকটিকে উদ্ধার করে পশুপ্রেমী চিত্রক প্রামাণিককে ফোন করেন। চিত্রকবাবু তৎক্ষণাৎ একটি খাঁচা নিয়ে গিয়ে বাঘরোল শাবকটিকে নিজের কাছে আনেন। রাতে তিনি শাবকটিকে গরম দুধ খাইয়ে, সেবা-শুশ্রূষা করে অনেকটা সুস্থ করে তোলেন। সকাল হতেই বন দপ্তরে ফোন করে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে আহত বাঘরোলটিকে শ্যামপুর থানার ৫৮ গেট রেসকিউ সেন্টারে নিয়ে যান। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে আমতা থানার উদং গ্রামে একটি পূর্ণবয়স্ক অন্তঃসত্ত্বা বাঘরোলকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বন দপ্তরে তোলপাড় শুরু হয়। ময়না তদন্তের জন্য মৃত বাঘরোলটির দেহ পাঠানো হয় বেলগাছিয়া পশু হাসপাতালে। সেই বিষয়ে যখন বন দপ্তর তদন্ত চালাচ্ছে ঠিক তখনই বাগনানের যুবকদের মধ্যে এই মানবিক চেতনা নতুন মাত্রা সংযোজন করল।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...