মালদা, ৯ অক্টোবর-
জেলা প্রশাসনের কড়া নজরদারিতে চলছে প্রতিমা ভাসান। অপ্রীতিকর ঘটনা ঘটে মহানন্দার ঘাটগুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
শহরের রাস্তাগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন।
যদিও শহরের বিগ বাজেটের পুজোগুলির প্রতিমা নিরঞ্জন শুক্রবার করা হতে পারে বলে খবর।
প্রতিমা ভাসানোর ঘাট বলতে রামকৃষ্ণ মিশন খাট ও পুড়াটুলি সদরঘাট।
এই দুই ঘাটের মধ্যে সিংহভাগ প্রতিমা ভাসান হয়ে থাকে মিশন ঘাটে।
জলে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রতিমা নিরঞ্জনের কাজে ইংরেজবাজার পৌরসভার কর্মীদের নিযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যাপারে ঘোষণা করা হচ্ছে।
এবং সেই মতো একে একে প্রতিমা ঘাটে নিয়ে আসা হচ্ছে। রয়েছে স্পিডবোটের ব্যবস্থাও। তাতে নজরদারি চালানো হচ্ছে। রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলার দল।
পুরসভার পক্ষ থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে দুই ঘাটে। নিযুক্ত করা হয়েছে পর্যাপ্ত সিভিক ভলেন্টিয়ার। দশমী অর্থাৎ মঙ্গলবার থেকেই চলছে ভাসান।
জেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে, মঙ্গলবার সবমিলিয়ে ৬০টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। বুধবার দুপুরেও কিছু ভাসান হয়েছে। সাধারণত দিনের বেলাতেই বেশিরভাগ প্রতিমা হচ্ছে।
ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান দুলাল সরকার জানান, 'পুরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঘাটগুলিতে ভাসানের ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নজরদারি চালাচ্ছে।
ভাসানের কাজে পুরসভা থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুরোকর্মীদের নিযুক্ত করা হয়েছে।
নদীর জলে কাউকে নামতে যাওয়া হচ্ছে না। পুরোকর্মীরাই ভাসানের কাজ চালাচ্ছেন।'

