কর্দমাক্ত রাস্তায় চলাচলের অযোগ্য, প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা।




নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ, 

 কর্দমাক্ত রাস্তায় চলাচলের অযোগ্য, প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। দ্রুত চলাচলকারী রাস্তার দাবিতে পথ অবরোধ ও কর্দমাক্ত রাস্তার উপরে ধান গাছের চারা রোপন করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। 

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের শ্যামপুর মোড় এলাকায়। বাসিন্দাদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে গিয়েছে রায়গঞ্জ থেকে শ্যামপুর যাওয়ার একমাত্র রাস্তা। 

আন্দোলনকারীদের দাবি দ্রুত এই রাস্তা নির্মানের কাজের বরাত পাওয়া ঠিকাদার ও প্রশাসনিক কর্তারা এসে দ্রুত রাস্তা তৈরির আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে।




 রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের প্রায় ১৫/২০ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দার রায়গঞ্জ শহরে বিভিন্ন কাজে আসা যাওয়া, হাসপাতালে রোগী নিয়ে যাওয়া থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আসাযাওয়ায় একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে।

 সম্প্রতি রায়গঞ্জ ব্লক প্রশাসন থেকে ওই রাস্তা পুনর্নির্মাণ করার জন্য একটি ঠিকাদারি সংস্থাকে বরাত দেওয়া হয়। 

ঠিকাদারি সংস্থা রাস্তাটি পুননির্মাণ করার জন্য রাস্তা খুঁড়ে তার উপর মাটি ও ধুস বালি ফেলে কাজ শুরু করে। কিন্তু বাদ সেধেছে অঝোর ধারায় বৃষ্টি। প্রবল বৃষ্টির কারনে ওই রাস্তায় ফেলা মাটি জলে ভিজে কাদায় পরিনত হয়। সম্পূর্ণ রাস্তাটি এখন কর্দমাক্ত হয়ে পড়ায় মানুষ আর সেখান দিয়ে কোনওভাবেই চলাচল করতে পারছেন না। ঘটছে দুর্ঘটনা। 

ওই রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন এতদঞ্চলের সাধারন মানুষ। অথচ প্রশাসন নির্বিকার। 

এরই প্রতিবাদে এবং দ্রুত রাস্তা তৈরি করে তা চলাচলের ব্যাবস্থা করার দাবিতে রায়গঞ্জ ব্লকের শ্যামপুর মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

 এর পাশাপাশি কর্দমাক্ত ওই রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের জেরে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে রায়গঞ্জ শ্যামপুর সড়ক যোগাযোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...